বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ব্যাংকগুলোতে তাদের প্রতিটি শাখায় বছরে অন্তত একজন করে নারী উদ্যোক্তাকে নূ্যনতম ৫০ হাজার টাকা ঋণ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এর ফলে ৯ হাজার ৪০টি শাখা এবং ১৮৮টি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে শিগগিরই ৯ হাজার ২২৮ জন নতুন নারী উদ্যোক্তা আর্থিক সেবার আওতায় আসবেন।
কক্সবাজারের একটি তারকা হোটেলে ‘প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলন ২০১৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন। তিনি বলেন, আইন ফাঁকি দিয়ে লেনদেন করার কোনো সুযোগ নেই। যেসব ব্যাংক মানি লন্ডারিং অর্থ পাচারে সম্পৃক্ত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গভর্নর বলেন, বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গি সংগঠনের আবির্ভাব ঘটছে। এই জঙ্গি তৎপরতা বাংলাদেশের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই দেশের ব্যাংকিং খাতে জঙ্গি তৎপরতায় সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থায়ন যেন না হয়, সে ব্যাপারে সব সময় সতর্ক থাকতে হবে।
বাংলাদেশ ব্যাংকের আয়োজনে গত শুক্রবার শুরু হওয়া তিন দিনব্যাপী এই সম্মেলনে ৩৫টি ব্যাংকের ব্যবস্থাপক ও মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান ও মো. মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নাসিরুজ্জামান।
গভর্নর বলেন, দেশের সব ব্যাংকে মানি লন্ডারিং রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ায় অর্থনৈতিক খাত এখন সুশৃঙ্খল অবস্থায় হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহি বেড়েছে।